
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বের হতে পারবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সব সীমান্ত পাহারা দেয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান ও অবৈধ যাতায়াত বন্ধে কাজ করছে বাহিনীটি। সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ জন্য সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।
সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বিজিবি ডিজি বলেন, অবৈধভাবে কারও আসা-যাওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের কার্যক্রম পরিদর্শনে বিজিবি মহাপরিচালক কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে গিয়ে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্তের বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট ও মজুমদারহাট বিওপি পরিদর্শন করেন।
এ ছাড়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও আখাউড়া বিওপি পরিদর্শন করেন তিনি। এ সময় সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার এবং স্পর্শকাতর এলাকায় বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।