
আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন গতি আসবে বলে আশা করছে বাংলাদেশ। সরকারের মতে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ছাড়া এ সংকটের স্থায়ী সমাধানের অন্য কোনো পথ নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় রোহিঙ্গা সংকট নিয়ে এক নীতিনির্ধারণী সংলাপে এ আশাবাদ তুলে ধরা হয়। এতে সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের পরিচালক নির্ঝর অধিকারী। তিনি জানান, আইসিজের বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে রায় নিয়ে আগাম কোনো মন্তব্য করছে না বাংলাদেশ। তবে এ রায়ের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত এবং প্রত্যাবাসনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
সরকার বলছে, ১২ লাখের বেশি রোহিঙ্গার ভার অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয়। অন্যদিকে, রায় যাই হোক, রোহিঙ্গাদের অধিকার রক্ষা এবং বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রায় এক দশক ধরে চলা এ সংকটের স্থায়ী সমাধান এখনো অধরা।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।