
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গেল ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল। ২০ নভেম্বরও এ সংকেত বহাল রাখা হয়। সে সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি গেল শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এরপর দুর্বল হয়ে গভীর নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে দেশের ১৪ জেলার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দুপুর ৩টা থেকে রোববার (২২ নভেম্বর) রাত ১টা পর্যন্ত এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।