
জ্বালানি সংকট মোকাবিলা ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও জানান, দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে। পাশাপাশি প্রতি চার মাস পরপর মতবিনিময় সভা আয়োজন করা হবে।
বায়োগ্যাস প্ল্যান্টকে জ্বালানি সংকট মোকাবিলার কার্যকর সমাধান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এতে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।
সভায় বেকার যুবকদের প্রশিক্ষণের আওতায় আনা, যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমে নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।