
এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বুধবার হাইকোর্ট এক আদেশে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ফেল করেছেন ৫ লাখের বেশি শিক্ষার্থী।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। তবে ফল পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।