
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মায়ের মৃত্যুর একদিন পর মারা গেছে এক বছর বয়সী শিশু আরিস রহমান মাহাদ। শনিবার (২১ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে মাহাদের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শুক্রবার বিকেলে মারা যান তার মা ইফতি সাবা (২৫)।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুর রহমান মানিকসহ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মানিকের শরীরের ৬ শতাংশ, প্রতিবেশী সানজিদা ইসলামের ৩৭ শতাংশ এবং তার মা শামসুন্নাহার বেগমের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আব্দুর রহমান মানিকের ভাষ্য অনুযায়ী, সকালে তার স্ত্রী সন্তানকে কোলে নিয়ে রান্না করার সময় চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হতো। তবে কীভাবে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।