
২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন এবং ভোরের আগে সেহরি গ্রহণ করেন। এ মাসে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও সামাজিক বন্ধন দৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদ উদ্যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর পালিত হতে পারে।
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
২০২৭ সালের ১৫ থেকে ১৮ মে’র মধ্যে আরাফাত দিবস ও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে এ দুই দিনের চূড়ান্ত তারিখ।
তবে এসব তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার পরই রমজান ও দুই ঈদের চূড়ান্ত তারিখ জানা যাবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।