
মালয়েশিয়া পাঠানোর কথা বলে ছয় দিন সাগরে আটকে রাখার পর কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ২৮ জনকে নামিয়ে পালিয়েছে দালাল চক্র। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতে ভেড়ে মাছ ধরার ট্রলারটি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছেন। তাদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রলারটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। তাদের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে দালাল চক্রের নিয়ন্ত্রণে ছয় দিন সাগরে থাকার পর যাত্রীরা ট্রলারটি নিয়ে পালিয়ে কক্সবাজারে চলে আসেন। সৈকতে পৌঁছানোর পর অনেকেই ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে যান। পরে পুলিশ সেখানে অবস্থানরত ২৮ জনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, গেল ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর কয়েক দিন সাগরে কাটে তাদের। ট্রলারটিতে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন। তাদের মধ্যে বিরোধ দেখা দিলে একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে আসা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে তারা পালিয়ে যান।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ২৮ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মানবপাচার চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।