
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে ঘরের বাইরে আগুন দেখতে পান তিনি। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীরের বাইরে কেরোসিন ও কাগজ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এদিকে, নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হামলার উদ্দেশ্য কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।