
রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদারে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল। পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।
বুধবার (১৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ৬১৪ জন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের চেয়ে বাড়ানো হয়েছে। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি বিভিন্ন এলাকায় ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে আশ্রয় নেয়া ব্যক্তিদের ওপরও নজরদারি রয়েছে। ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।