শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ প্রক্রিয়া শুরু নি‌য়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ প্রক্রিয়া শুরু নি‌য়ে আলোচনা
বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ প্রক্রিয়া শুরু নি‌য়ে আলোচনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কসোভো। কসোভোর রাজধানী প্রিস্টিনায় দেশটির শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবনমন্ত্রী মিমোজা কুসারি-লিলার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে ওষুধশিল্প, বায়োটেকনোলজি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের পক্ষ থেকে কসোভোর বাজারে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সিরামিক ও ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কসোভোর বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়।

দুই দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বাড়াতে প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্ভাবনা এবং কসোভোর একটি বেসরকারি খাতের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

কসোভোর মন্ত্রী বলেন, ইউরোপীয় বাজারের নিকটবর্তী অবস্থান, দক্ষ শ্রমশক্তি এবং সিইএফটিএ ও ইএফটিএ-এর মাধ্যমে বাজারে প্রবেশের সুযোগ কসোভোকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে এফটিএ প্রক্রিয়া শুরু করা গেলে বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।