জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, পোড়াতেল এবং আয়োডিনবিহীন খোলা লবণ ব্যবহারের দায়ে দুটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) হিলি বাইপাস রোডের ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং একই এলাকার ‘দুই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে নিউ ভাই ভাই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পোড়াতেল ও আয়োডিনবিহীন লবণ ব্যবহার, দই-মিষ্টির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, খবরের কাগজে খাবার মোড়কজাত এবং মূল্যতালিকা না রাখার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দুই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেও একই ধরনের অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আইনের ৩৮ ও ৪৩ ধারায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।