শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। রোববার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, গেল ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিম্নতম মজুরি নিয়ে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে কিছু শ্রমিক বাইরের উসকানিতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।
তিনি জানান, এ পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।
মাহমুদ হাসান খান বলেন, চলমান বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের কিংবা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই।
শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, সংকট সমাধানে শ্রমিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।
তিনি আরও বলেন, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেয়া উদ্যোক্তারা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিজিএমইএ সভাপতি বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, আশুলিয়া ও সাভার অঞ্চলের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্প রক্ষা এবং এর সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।
সংকট নিরসনে সরকারকে দ্রুত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান মাহমুদ হাসান খান। একই সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।