গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ১০টি যানবাহনের ধারাবাহিক সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক একে একে সামনের গাড়িগুলোর সঙ্গে ধাক্কা খায়। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে গুরুতর ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন। তবে রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছেন।
কীভাবে এতগুলো যানবাহন ধারাবাহিক সংঘর্ষে জড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।