ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি তল্লাশি ক্যাম্পে অতর্কিত গুলি চালিয়েছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জেলার মীর বাজারের কাছে আখরান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সিআরপিএফের এক বিবৃতিতে জানানো হয়, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আহতদের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেয়া হয়েছে।
হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন বাহিনীর সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার জন্য মাইকে ঘোষণা দেয়া হয়।
হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ সময় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগামে থাকলেও তিনি হামলার ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না।
এর আগে গেল মাসে ছত্তিশগড়ের সুকমা জেলায় অ্যালার্মেদগু ক্যাম্পে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি বিস্ফোরণে সিআরপিএফের চার কর্মকর্তা আহত হন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।