চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্তের মুখে রয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। এর মধ্যেই প্রতিষ্ঠানের অধস্তন এক নারী কর্মকর্তার সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এনভিডিয়ায় কাজ করেছেন এমন পাঁচজনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর নাম কিম্বারলি পাওয়েল। তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে প্রতিষ্ঠানটির এক সম্মেলনের সময় একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ আচরণ করতে দেখা যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের একজন ঘটনাটি ভিডিও করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস ভিডিওটি দেখেনি।
এনভিডিয়ার আচরণবিধিতে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে—এমন ব্যক্তিগত সম্পর্ক এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হুয়াং সরাসরি মন্তব্য করতে রাজি হননি। এনভিডিয়া ও পাওয়েলও কোনো মন্তব্য করেননি।
এর আগে চীনা নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ স্বীকারের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান নেতারাও এ বিষয়ে হুয়াংয়ের কাছে বক্তব্য চেয়েছেন। চীন অবশ্য ওই নারীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে বুধবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।