যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে একটি নতুন চুক্তির সম্ভাবনা গুরুত্ব পাবে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে ইউক্রেন ইস্যু আলোচনায় আসার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও মজুত কমানোর বিষয়টি আলোচনায় রাখবেন ট্রাম্প। তবে বৈঠক শেষে কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সফরের শেষ পর্যায়ে পুতিন ও জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন তিনি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গেল ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান ট্রাম্প। বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করে তিনি এ অবস্থানের কথা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স, বিবিসি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।