সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে ডিও দেয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যরা এসব অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান। কৃষিমন্ত্রী আমিন উর রশীদের জবাবে সন্তুষ্ট না হয়ে তারা সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।
বুধবার (১১ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য ও দলীয় নেতাদের পরিবারের সদস্যরা ডিলারশিপ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির এবং তাঁদের মধ্যে ১০ জন নেতাদের পরিবারের সদস্য বলে সংবাদ প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসনাত আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে অর্থের বিনিময়ে ডিও দেয়া হয়েছে। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়দের ব্যবসায়িক সুবিধা দেয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বর্তমান নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটির মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। আবেদন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়া কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে সম্পন্ন হয়নি বলেও জানান তিনি।
মন্ত্রীর বক্তব্যের পর বিরোধী সদস্যদের প্রতিবাদ অব্যাহত থাকে। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অর্থের বিনিময়ে ডিও দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে লিখিতভাবে জমা দেয়া যেতে পারে। প্রমাণ ছাড়া অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়ারও দাবি জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।