শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ মানুষের জীবিকার অন্যতম ভরসা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রি। বছরের তিন থেকে চার মাসের এই মৌসুমি পেশায় যুক্ত নারী-পুরুষেরা ভোর থেকে বনের গভীরে ঘুরে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করেন।
সমশ্চূড়া, রামচন্দ্রকুড়া, বাকাকুড়া ও গজনীসহ পাহাড়সংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দারা লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে ডিম সংগ্রহ করেন। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন।
স্থানীয় বাজারে প্রতি কেজি ডিম বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে শৌখিন মাছ শিকারিদের কাছে এসব ডিমের চাহিদা রয়েছে। পাশাপাশি পোষা পাখির খাবার হিসেবেও ব্যবহার করা হয়। স্থানীয় পাইকাররা ডিম সংগ্রহ করে প্যাকেটজাত করার পর ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরে পাঠান।
সংগ্রহকারীরা জানান, আগে পাহাড়ে পিঁপড়ার ডিম বেশি পাওয়া গেলেও গাছপালা কমে যাওয়ায় এখন বাসার সংখ্যা কমেছে। তবু সংসারের খরচ চালাতে প্রতিদিন ভোর থেকে ডিম খুঁজতে হয়। পিঁপড়ার কামড়ে কষ্ট হলেও আয়ের আশায় তা সহ্য করেন তাঁরা।
তবে এই পেশায় রয়েছে নানা ঝুঁকি। ডিম সংগ্রহ করতে গিয়ে পিঁপড়ার কামড়ের পাশাপাশি হাতি, সাপ ও মৌমাছির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। উঁচু গাছে ওঠাও বিপজ্জনক। তারপরও জীবিকার তাগিদে এসব ঝুঁকি নিয়েই কাজ করছেন গারো পাহাড়ের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ। বছরের কয়েক মাসের এই আয়ই তাঁদের অনেক পরিবারের বেঁচে থাকার অন্যতম অবলম্বন।
মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।