নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদ থেকে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ভারতীয় কফি পাউডার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কাটাগাং-সংলগ্ন ধনু নদে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. আব্দুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, অভিযানে ১৭০ বস্তা কফি পাউডার জব্দ করা হয়েছে। এসব কফির আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া জব্দ করা ইঞ্জিনচালিত নৌকার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৪৬ লাখ ৭২ হাজার টাকা।
খালিয়াজুরীর লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জগৎজ্যোতি চৌধুরী জানান, এ ঘটনায় এএসআই আরিফ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালিয়াজুরী থানায় মামলা করেছেন। আটক দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, জব্দ করা কফি পাউডার ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।