ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।
বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে সকাল ৮টা ২০ মিনিটে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গেল শনিবার (১৪ নভেম্বর) এর পারফোরেশন সম্পন্ন হয়।
বাপেক্স আরও জানায়, ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল।
প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে ড্রিল স্টেম টেস্ট শেষে গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত ফলাফল জানানো হবে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।