যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা কিংবা নতুন করে সামরিক সংঘাত—দুই পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটন নতুন করে সামরিক পদক্ষেপ নিলে সংঘাতের ধরন ও ভৌগোলিক পরিসর নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।
গালিবাফের ভাষ্য, যুক্তরাষ্ট্র আলোচনা চায় নাকি যুদ্ধ, তা নিয়ে তেহরানের উদ্বেগ নেই। তবে যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ এখনো খোলা রয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো ভুল পদক্ষেপ নিলে তার জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতিতে আর থাকতে চায় না তেহরান।
এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দেওয়া বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি।
তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।