অপরাধ দমন করতে গিয়ে উল্টো হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও দায়িত্ব পালনকালে মারধর, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হামলা, আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠছে, কতটা নিরাপদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩৭০ জন।
কখনো আন্দোলনের ভিড়ে, কখনো আসামি গ্রেপ্তার কিংবা টহল দিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও ঘটছে এ ধরনের ঘটনা। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য।
এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
তবে পুলিশ সদরদপ্তর বলছে, অপরাধীরা পুলিশকে দুর্বল করে দিতে চাইলেও তাদের চেষ্টা সফল হবে না। এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পুলিশকে দমানো যাবে না। তাঁরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব পালন করছেন।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে এ ধরনের অপরাধ বাড়ছে। তাই শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, অপরাধ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য প্রয়োজন।
এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট ও টহল দলের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই অপরাধ বিশ্লেষক।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।