দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের নতুন সম্ভাবনা তুলে ধরতে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (BYTE ২০২৬)।
আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ এক্সপো অনুষ্ঠিত হবে। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
১৯ নভেম্বর দুপুর ১২টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এক্সপোর উদ্বোধন করবেন। উদ্বোধনী আয়োজনের পাশাপাশি প্রথম দিন বিকেল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। বিকেল ৫টায় থাকবে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।
আয়োজকরা জানিয়েছেন, এবারের এক্সপোতে থাকবে ৫৮টি বিশেষায়িত স্টল। সাগর, পাহাড়, হাওর, লেক ও গ্রামীণ ইকো-ট্যুরিজমসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্য তুলে ধরা হবে এসব স্টলে।
২০ নভেম্বর অনুষ্ঠিত হবে পর্যটন খাতের ব্যবসায়িক নেটওয়ার্কিং ও বিভিন্ন প্রদর্শনী। ২১ নভেম্বর সমাপনী দিনে থাকবে প্রদর্শকদের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময়, ক্রেস্ট ও সনদ বিতরণ এবং গ্র্যান্ড র্যাফল ড্র।
এক্সপোর আহ্বায়ক ও ইট্যাবের সভাপতি মো. ইমরানুল আলম বলেন, দেশের অভ্যন্তরীণ পর্যটন গন্তব্যগুলোকে সামনে নিয়ে আসাই এ আয়োজনের মূল লক্ষ্য। তরুণ উদ্যোক্তা, সরকার, প্রশাসন ও পর্যটকদের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করবে এই এক্সপো।
আয়োজকদের প্রত্যাশা, দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং অভ্যন্তরীণ পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে BYTE ২০২৬।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।