বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভাগ্যের দেখা পেলেন ১১ জেলে। এক রাতের অভিযানে তাদের জালে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। পরে জেলেদের জন্য কিছু মাছ রেখে বাকি ৮২৫টি মাছ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। মাছগুলো ধরা পড়ে শাহপরীর দ্বীপের একটি মাছ ধরার ট্রলারের জালে।
ট্রলারের মালিক মোহাম্মদ শফিক জানান, ধরা পড়া লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি এবং চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি মাছ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।
প্রথমে মাছগুলোর দাম ১২ লাখ টাকা হাঁকা হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ লালু মাছগুলো কিনে নেন। এর মধ্যে লাল কোরাল বিক্রি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকা এবং চাপা সুরমা ২ লাখ ২০ হাজার টাকায়।
ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টায় ১১ জন জেলেকে নিয়ে তারা সাগরে যাত্রা করেন। গভীর রাতে জাল ফেলার পর শনিবার সকাল ৬টার দিকে জাল তুলতেই বিপুল পরিমাণ মাছ দেখতে পান।
মাছ ব্যবসায়ীরা জানান, পর্যটন মৌসুমকে কেন্দ্র করে এসব মাছের চাহিদা বেড়েছে। কক্সবাজারের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাজারেও মাছগুলো পাঠানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।