দ্যা মিরর নিউজ | ১৪ নভেম্বর ২০২৬
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির আরও একটি চালান পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে প্রথম ও দ্বিতীয় ইউনিট মিলিয়ে প্রকল্প এলাকায় মোট ছয়টি চালান পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান এসেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো ফ্লাইটে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনা হবে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি চালানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি সরবরাহ করা হবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে বর্তমানে পাওয়ার স্টার্টআপের স্টেজ-সি কার্যক্রম চলছে।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দেয়। এ পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হবে।
পরীক্ষা সফল হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।