পাবনার বেড়া উপজেলায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে এসব হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ৫৬৯।
আরিফ খান জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’-এর বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি। সম্প্রতি স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আমিনপুরের মাশুমদিয়া এলাকায় অনুমোদনহীন চিকিৎসার নামে অপচিকিৎসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আরিফ।
আরিফ খান বলেন, সংবাদ প্রকাশের কারণে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ফোনকলে হত্যার হুমকি দেয়া হয়েছে, যার অডিও রেকর্ড তার কাছে রয়েছে। কয়েকটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ পেয়েছে। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সাঁথিয়া, বেড়া ও আতাইকুলা প্রেসক্লাবের নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলামও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, সাংবাদিকের করা জিডির ভিত্তিতে হুমকিদাতাদের শনাক্তে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।