
রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে মিয়ানমার। পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফিরিয়ে নেয়ার কথা জানিয়েছে দেশটি। একই সঙ্গে উত্তর রাখাইন রাজ্যে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নেপিদো।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যার অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রতিক্রিয়ায় শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলেও উল্লেখ করেছে মিয়ানমার।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমার তার জনগণের স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রেখেই মানবিক সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ আইন, আন্তর্জাতিক রীতিনীতি, দ্বিপাক্ষিক চুক্তি ও চলমান আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচি অনুসরণ করা হবে।
আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে মিয়ানমার দাবি করেছে, লিখিত ও মৌখিক শুনানিতে গাম্বিয়ার অভিযোগের বিপরীতে আদালতে বিস্তারিত তথ্য, নথিপত্র ও প্রমাণ উপস্থাপন করেছে তারা। দেশটির দাবি, গাম্বিয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে পরিচালিত সামরিক অভিযানকে গণহত্যা আখ্যা দেয়ারও বিরোধিতা করেছে মিয়ানমার। দেশটির দাবি, এসব অভিযান ছিল সীমিত ও স্বল্পস্থায়ী এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার প্রতিক্রিয়া। বরং আরসার কর্মকাণ্ডের কারণেই স্থানীয় বাসিন্দা ও বাঙালিরা বাস্তুচ্যুত হয়েছেন বলে দাবি করেছে নেপিদো।
বিবৃতিতে উত্তর রাখাইনের পরিস্থিতিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুকূলে এলে পরিচয় যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন শুরু করার কথা জানিয়েছে দেশটি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।