শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে চেক, নগদ ১০ লাখ টাকা, স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং একটি এক্স-জিও গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ২৪-৬২১২) ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
১০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় শেরপুর শহরের নিউমার্কেটে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাকির হোসেন অভিযোগ করেন, মঞ্জু, মিকেল, রাজু এবং গাড়িচালক এরশাদের সরাসরি নেতৃত্বে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, খুলনায় প্রধানমন্ত্রীর একটি সরকারি কর্মসূচি শেষে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার বকেয়া টাকা পরিশোধ করতে যাওয়ার কথা ছিল তাঁর। ঢাকার উদ্দেশে রওনা দেয়ার পর তাঁর বাড়ি থেকে সন্তানের অসুস্থতার খবর আসে।
তিনি জানান, গাড়ির পেছনের ব্যাগে তাঁর চেক বই, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, যা চালক এরশাদ আগে থেকেই জানত। জামালপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে চালক এরশাদ ও তার বোনের জামাই মনজুর সহযোগিতায় ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। গাড়িটি ছোট হওয়ায় ৩-৪ জন ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ে এবং তাঁর মুখ চেপে ধরে চোখ বেঁধে ফেলে। এরপর প্রায় ৩০ থেকে ৪০ মিনিট গাড়ি চালিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে ব্যাংক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নগদ ১০ লাখ টাকা এবং ‘ঢাকা মেট্রো-ঘ ২৪-৬২১২’ নম্বরের নতুন এক্স-জিও গাড়িটি ছিনিয়ে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে ছেড়ে দেয়া হয়। এমনকি তাঁর পেছনে থাকা তাঁর বোনজামাইকেও আটকে রেখে পরে দুজনকে একসঙ্গে ছেড়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন আরও বলেন, আমি একজন নিরীহ লোক । ঘটনার পরপরই স্থানীয় লোকজনকে নিয়ে থানায় অভিযোগ করেছি। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অবিলম্বে আমার ছিনতাই হওয়া গাড়ি, টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।