আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনগত সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট দেয়া যায় না। তাই দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করার সুযোগ নেই। এমনটি করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
তিনি জানান, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করেছে। তবে শেখ হাসিনা নিজে বা তাঁর দল আবেদন করেনি। এ ধরনের আবেদনের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বিচার চলাকালে আদালতে হাজির হননি এবং রায়ের পরও আপিল করেননি। তাঁর দাবি, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করার সুযোগ থাকলেও তিনি তা করেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে প্রত্যর্পণের আবেদন করা উচিত।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক কোনো নথি পায়নি। আর তাঁর নামে প্রচারিত অডিও বক্তব্যগুলো সত্যিই তাঁর কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।