চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরে ১২ তলার জানালার বাইরে ঝুলে থাকা তিন বছর বয়সী এক শিশুকে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন ছয় ব্যক্তি। সাহসিকতা ও মানবিকতার স্বীকৃতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের ‘গুড সামারিটান’ সম্মাননায় ভূষিত করেছে।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ১৭ অক্টোবর সকালে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। জানালার বাইরের তারের জালে শিশুটির গলা আটকে ছিল। যেকোনো মুহূর্তে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে নিরাপত্তাকর্মী চেন ইউজি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন। ১১ তলার জানালার কার্নিশে উঠে এক হাতে জানালার ফ্রেম ধরে অন্য হাতে শিশুটির নিচে একটি ছোট টেবিল ধরে রাখেন চেন ইউজি। তাঁকে নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে চেন ওয়েনশুই তাঁর দুই পা শক্ত করে ধরে রাখেন। পরে আরও দুই বাসিন্দা উদ্ধারকাজে সহায়তা করেন।
প্রায় আধা ঘণ্টা ফায়ার সার্ভিসের অপেক্ষায় শিশুটিকে ধরে রাখেন তাঁরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে নিরাপদে উদ্ধার করেন।
ঘটনার সময় শিশুটির মা বাজারে এবং বাবা কর্মস্থলে ছিলেন। ঘুম থেকে উঠে মা-বাবাকে বাসায় না পেয়ে তাদের খুঁজতে গিয়ে শিশুটি জানালার কাছে চলে যায় বলে জানা গেছে।
উদ্ধারকারীদের সাহসিকতায় কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির মা-বাবা তাঁদের সম্মাননা পতাকা উপহার দেন। নভেম্বরের শুরুতে পৌর জননিরাপত্তা কর্তৃপক্ষ ছয়জনকে ‘গুড সামারিটান’ সম্মাননায় ভূষিত করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।