পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোগাছি ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা প্রথমে ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয় এবং থাইগ্লাস ভাঙচুর করে। পরে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। নৈশপ্রহরী জানান, হেলমেট ও মুখ ঢাকা ১০ থেকে ১৫ জনের একটি দল জানালা দিয়ে দুই থেকে তিনটি পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশের আরেকটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।