শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীনতার নতুন নমুনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-শিশু-শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন? ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি এমন কাজ করতে পারতেন না।
রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। এ জন্য পাসপোর্ট ও এনআইডি চাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে আদালত ও আইন নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা হয়তো সেই অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ ভুলবে না। আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। তাঁর অভিযোগ, তৎকালীন সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, এতে তরুণ ও শিশুরা প্রাণ হারায়।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে অনুপ্রেরণা জোগায়।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।