আগামী তিন বছরে ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা বা পারমানেন্ট রেসিডেন্ট (পিআর) গ্রহণের পরিকল্পনা প্রকাশ করেছে কানাডার ফেডারেল সরকার। নতুন ইমিগ্রেশন লেভেলস প্ল্যান ২০২৭–২০২৯ অনুযায়ী প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার করে অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ৫ নভেম্বর প্রকাশিত এ পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দেশটি। দক্ষ কর্মী নিয়োগ, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী এবং মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত রাখা হবে।
পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্য বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার।
অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি দেশের শ্রমবাজার ও অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন পরিকল্পনায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেয়া হয়েছে। ফলে কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের এসব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা বাড়ানোর প্রয়োজন হতে পারে।
তবে ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের ঘোষণা একটি সামগ্রিক সরকারি লক্ষ্যমাত্রা। এটি কোনো ব্যক্তির আবেদন অনুমোদন বা স্থায়ী বসবাস নিশ্চিত হওয়ার নিশ্চয়তা নয়। তাই আবেদনকারীদের সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন করার পরামর্শ দেয়া হচ্ছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।