পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে নবম শ্রেণির ষাণ্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ায় ছেলেকে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা মূল্যের বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা।
ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সিবিএসই বোর্ডের নবম শ্রেণির শিক্ষার্থী। ছেলের ভালো ফলের পর তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মুম্বাই গিয়ে গাড়িটি কেনেন সামসুদ্দিন। পরে বিশেষ কন্টেইনারে করে গাড়িটি পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয়।
গেলো শুক্রবার গাড়িটি গলসিতে পৌঁছায়। কচি কলাপাতার রঙের বিলাসবহুল গাড়িটির নম্বর প্লেটের শেষ তিন সংখ্যা রাখা হয়েছে ‘৫৫৫’। সামসুদ্দিনের গ্যারেজে আগে থেকেই রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থর ও হুন্ডাই আলকাজারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
তালহার বয়স এখন ১৫ বছর। তাই ড্রাইভিং লাইসেন্স না থাকায় আপাতত সে গাড়ি চালাতে পারবে না। তালহা জানিয়েছে, এখন পড়াশোনাতেই মন দেবে। সপ্তাহে একদিন বাবার পাশে বসে নতুন গাড়িতে ঘুরবে।
ছেলের উপহার প্রসঙ্গে সামসুদ্দিন বলেন, ছেলে অনেক আগেই তাঁর কাছে একটি বিএমডব্লিউ চেয়েছিল। তাই ছেলের ভালো ফলের পর সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।