ঠাকুরগাঁওয়ে নতুন সার ডিলার নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩১ জনকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। বাকি তিনজনের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক।
নতুন নিয়োগ পাওয়া ডিলারদের তালিকায় রাজনৈতিক নেতাদের স্ত্রী, সন্তান, ভাই ও স্বজনদের নাম রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাঁদের কেউ খুচরা সার বিক্রেতা, কেউ টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, আবার কেউ চাকরিজীবী পরিবারের সদস্য। এমনকি সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা না থাকা ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
নীতিমালা অনুযায়ী, সার ডিলারশিপ পেতে আবেদনকারীর বৈধ ট্রেড লাইসেন্স, পাঁচ লাখ টাকার ব্যাংক সলভেন্সি, আয়কর রিটার্ন এবং অন্তত ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকতে হয়। তবে অভিযোগ, ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না। তাঁদের কারও কারও আয়করসংক্রান্ত নথি কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যাংক হিসাবও ছিল না।
পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নে ডিলার নিয়োগ পাওয়া শবনম মুস্তারী সিনথিয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বাবা ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
অন্যদিকে, হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে ডিলার নিয়োগ পাওয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলা কমিটি আবেদন যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে নীতিমালা অনুযায়ী সুপারিশ করা হয়েছে। জেলা কমিটি সেই সুপারিশে কোনো পরিবর্তন করেনি।
মো. আবু নাঈম, ঠাকুরগাঁও প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।