ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে জানান, শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর দলের সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ওই বছরের গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গেল বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
অন্যদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।