শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছেন নিহতের পক্ষের লোকজন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে জিন্নাত আলীর ওপর হামলা চালান তাঁর আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পক্ষের লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।