আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রোববার সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে শনিবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উপকূলরক্ষী বাহিনী প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অভিযান চালিয়ে নৌকাডুবির আশপাশের এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএসের তথ্য অনুযায়ী, অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে।
এদিকে সেনেগাল উপকূল ব্যবহার করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। এপিএস জানিয়েছে, শনিবার এক দিনেই সাত শতাধিক অভিবাসী এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন। এক সপ্তাহে সেখানে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি। অভিবাসীদের চাপ সামাল দিতে দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।