কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (৭ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সান লুকাস পর্বতমালার পাদদেশে অবস্থিত সান্তা রোসা দেল সুর শহরের একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। তবে হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
স্বর্ণখনিতে সমৃদ্ধ শহরটির নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন), রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সাবেক সদস্যদের নেতৃত্বাধীন দলসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি বিস্ফোরণের পর সামরিক ঘাঁটি থেকে ধোঁয়া উড়ছে। সেনারা বালির বস্তা দিয়ে তৈরি আশ্রয়ে অবস্থান নিচ্ছেন।
এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সেনাদের ওপর এ ধরনের হামলা দেশের নিরাপত্তা রক্ষায় সরকারের সংকল্প আরও দৃঢ় করবে।
গেলো আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর সরকারের নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে বিমান হামলা বাড়ানো, বিভিন্ন শহরে অতিরিক্ত সেনা মোতায়েন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় যৌথ টাস্কফোর্স গঠন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।