পাবনা সদর উপজেলার ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আখতার রিখা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদের আলো ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিখা সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলাম ও মনিরা খাতুন দম্পতির মেয়ে। তিনি শহীদ বুলবুল সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও ছাত্রীনিবাস সূত্রে জানা যায়, ঘটনার সময় রিখা নিজের কক্ষে ছিলেন। তার রুমমেট বাইরে থাকায় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছাত্রীনিবাসের লোকজন।
ছাত্রীনিবাসের মালিক আনোয়ারা খাতুন জানান, রিখা মাত্র এক মাস আগে সেখানে উঠেছিলেন। ঘটনার সময় কক্ষের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা।
রুমমেট মাহফুজা আক্তার মিষ্টি জানান, তিনি আগের দিন ওই কক্ষে উঠেছেন। ঘটনার সময় বিছানার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।