যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের আনা প্রতিটি বিলে ভেটো দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে পরিচিত করবেন বলেও জানান তিনি।
এনডিটিভি জানায়, নিউইয়র্ক পোস্টের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো সব বিলে ভেটো দেবেন। একের পর এক বিল আটকে গেলে শেষ পর্যন্ত তারা আলোচনায় বসে সমঝোতায় আসতে বাধ্য হবেন বলে মনে করেন তিনি।
তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার আশা করছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন তিনি। প্রথম মেয়াদে ভেটো দিয়েছিলেন ১০টি বিলে।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো বিলে ভেটো দিলেও প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্য সমর্থন দিলে তা পাস করা সম্ভব।
সাক্ষাৎকারে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তবে সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হবে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।