বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেলদের জন্য সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণ ও ব্লাইন্ড ডেটে অংশ নেয়ার সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ উদ্যোগের মাধ্যমে ১৬ জন সিঙ্গেলকে বাছাই করা হবে। খবর এনডিটিভির।
২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ আয়োজন চলবে। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেয়ার পাশাপাশি হেলসিংকি ও ট্যামপেরেতে স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে বিশেষ ডিনার ডেটে অংশ নেবেন।
ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আয়োজকদের মতে, দেশটির সুপারমার্কেটগুলোতে সিঙ্গেলদের জন্য চালু হওয়া গোলাপি শপিং বাস্কেটের ডেটিং ট্রেন্ড ‘সিংকুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’ থেকেই এ আয়োজনের ধারণা এসেছে।
ফিনল্যান্ড ছাড়া বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী সিঙ্গেলরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
আয়োজকরা নির্বাচিতদের বিমান ভাড়া, থাকা, খাবার ও আনুষঙ্গিক কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে।
আবেদনের নিয়ম
আবেদন করতে ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে—‘ব্লাইন্ড ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
ভিডিওটি নিজের পাবলিক টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করে ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।