ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার আগে মিরপুর সাড়ে ১১ ও পল্লবী এলাকা থেকে হাজারো শ্রমিক সড়কে নামেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানালে কয়েক দফা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা যান চলাচল বন্ধ করে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। বর্তমানে পরিস্থিতি থমথমে।
এদিকে, পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।