স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, যৌথ কর্মশালা ও আইনগত সহায়তা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
এ সময় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের কথা জানানো হয়। পাশাপাশি আলজেরিয়া থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানি এবং বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলজেরিয়ার রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়ার স্বীকৃতির কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আগ্রহ জানান।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি বিষয় এবং আলজেরিয়ার রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।