দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে শুরুর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশের অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাতে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গেল ৬ নভেম্বর মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে।এফডব্লিউসিএমএস জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির নিরীক্ষা প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে।
মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স বা ই-ভিডিআর আবেদনের পরবর্তী ধাপে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।এদিকে, স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। কোনো মেডিকেল সেন্টার যাতে নির্ধারিত ফির বেশি অর্থ আদায় কিংবা কর্মীদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এর আগে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা এবং বিভিন্ন পদ্ধতিগত জটিলতা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ নিয়ে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর সঙ্গে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের বৈঠকও অনুষ্ঠিত হয়।
ঢাকা ও আশপাশের এলাকায় অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। এর মধ্যে মতিঝিল, ফকিরাপুল, পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, বনশ্রী, রামপুরা, বনানী, উত্তরা, বাড্ডা, বসুন্ধরা, ধানমন্ডি, মগবাজার, মহাখালী ও তেজগাঁওয়ের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া গাজীপুরেও একটি অনুমোদিত মেডিকেল সেন্টার রয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।