আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। আরও তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। ফলে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্বে থাকবেন এই ভারতীয় ক্রিকেট প্রশাসক।
রোববার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তার পুনর্নির্বাচন অনুমোদিত হয়। সংস্থার ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে তার নাম প্রস্তাব করা হয়।
২০২৪ সালের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। বর্তমানে তার প্রথম মেয়াদ চলছে। নতুন মেয়াদ শুরু হলে ২০২৭ সালের ডিসেম্বর থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, একজন চেয়ারম্যান সর্বোচ্চ তিন বছর মেয়াদের দুটি মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা যেমন সম্মানের, তেমনি এটি বড় দায়িত্ব। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সদস্যদের সঙ্গে কাজ চালিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
এদিকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুলানি জয় শাহর নেতৃত্ব ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তার প্রতিশ্রুতির প্রশংসা করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।