রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। নিম্ন আদালতের দেওয়া সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল অংশ নেন। তিনি দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকার আশা প্রকাশ করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে পৃথক জেল আপিল করেন দুই আসামি। এসব আবেদনের পরিপ্রেক্ষিতেই এখন উচ্চ আদালতে মামলাটির শুনানি চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।