মেয়ের জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক উপহার দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার লিটন দাস। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়ে সেই শতক উৎসর্গ করলেন নিজের মেয়েকে। আর সেঞ্চুরি উদ্যাপনে ছিল বাবার ভালোবাসার এক বিশেষ বার্তা।প্রথম দিনের খেলা শেষে ১৩৮ বলে ১২টি চারের সাহায্যে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে বেশি সময় নেননি লিটন। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।সেঞ্চুরির পর লিটনের উদ্যাপন ছিল একেবারেই অন্যরকম। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পর পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’
মেয়ের বিশেষ দিনে বাবার এমন উপহার ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গেছে। ব্যাট হাতে শতরান আর উদ্যাপনে ভালোবাসার বার্তা সব মিলিয়ে লিটনের এই সেঞ্চুরি হয়ে থাকল স্মরণীয় এক মুহূর্ত।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।