রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঘটা হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এবং মাথায় হেলমেটসহ আনা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় জিয়াউল আহসানকে। প্রিজনভ্যান থেকে নামানোর পর ডা. দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাঁদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য ছিল। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি মোট ৪১ জন।
ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। ওই দিন তিনি সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসান কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ট্রাইব্যুনালের নির্দেশনা ছিল, স্বাভাবিকভাবে না এলে ভার্চুয়াল শুনানি হবে। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন মামলায় দুটি অভিযোগ এনেছে। প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা, দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।